নারদ! নারদ!
| "হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল, | সাদাকে বলছিলি লাল? |
| (আর) সেদিন নাকি রাত্রি জুড়ে, | নাক ডেকেছিস্ বিশ্রী সুরে? |
| (আর) তোদের পোষা বেড়ালগুলো, | শুন্ছি নাকি বেজায় হুলো? |
| (আর) এই যে শুনি তোদের বাড়ি, | কেউ নাকি রাখে না দাড়ি? |
| ক্যান্ রে ব্যাটা ইসটুপিড? | ঠেঙিয়ে তোরে করব ঢিট্!" |
| "চোপরাও তুম্ স্পিকটি নট্, | মার্ব রেগে পটাপট্- |
| ফের যদি ট্যারাবি চোখ, | কিম্বা আবার কর্বি রোখ, |
| কিম্বা যদি অম্নি ক'রে, | মিথ্যেমিথ্যি চ্যাঁচাস জোরে- |
| আই ডোন্ট কেয়ার কানাকড়ি- | জানিস্ আমি স্যান্ডো করি?" |
| "ফের লাফাচ্ছিস্! অল্রাইট, | কামেন্ ফাইট ! কামেন্ ফাইট!" |
| "ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, | টেরটা পাবে আজ এখনি! |
| আজকে যদি থাক্ত মামা, | পিটিয়ে তোমায় করত ধামা।" |
| "আরে! আরে! মার্বি নাকি? | দাঁড়া একটা পুলিশ ডাকি!" |
| "হাঁহাঁহাঁহাঁ! রাগ করো না, | করতে চাও কি তাই বল না!" |
| "হাঁ হাঁ তাতো সত্যি বটেই, | আমি তো চটিনি মোটেই! |
| মিথ্যে কেন লড়তে যাবি? | ভেরি- ভেরি সরি মশলা খাবি?" |
| "শেক্হ্যান্ড আর দাদা বল, | সব শোধ বোধ ঘরে চল।" |
| "ডোন্ট পরোয়া অল্ রাইট্, | হাউ ডু য়ু ডু গুড্ নাইট।" |
