বিজ্ঞান শিক্ষা
| আয় তোর মুন্ডুটা দেখি, | আয় দেখি "ফুটোস্কোপ" দিয়ে, |
| দেখি কত ভেজালের মেকি | আছে তোর মগজের ঘিয়ে। |
| কোন্ দিকে বুদ্ধিটা খোলে, | কোন্ দিকে থেকে যায় চাপা; |
| কতখানি ভস্ ভস্ ঘিলু, | কত খানি ঠক্ ঠকে কাপাঁ। |
| মন তোর কোন্ দেশে থাকে, | কেন তুই ভুলে যাস্ কথা- |
| আয় দেখি কোন্ ফাঁক দিয়ে, | মগজেতে ফুটো তোর কোথা। |
| টোল-খাওয়া ছাতাপড়া মাথা, | ফাটামত মনে হয় যেন, |
| আয় দেখি বিশ্লেষ ক'রে- | চোপ্ রও ভয় পাস কেন? |
| কাৎ হয়ে কান ধ'রে দাঁড়া, | জিভখানা উল্টিয়ে দেখা, |
| ভালো ক'রে বুঝে শুনে দেখি- | বিজ্ঞানে যে রকম লেখা। |
| মুন্ডুতে ম্যাগনেট ফেলে, | বাশঁ দিয়ে "রিফ্লেকট" ক'রে, |
| ইট দিয়ে ভেলসিটি ক'ষে, | দেখি মাথা ঘোরে কি না ঘোরে। |
